কক্সবাজারের চকরিয়ার চিংড়ি জোনে ঘের মালিকের কাছ থেকে প্রতি জোঁ–তে চাঁদা আদায়ের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি– গ্রেপ্তারকৃত ব্যক্তির চিংড়ি ঘের এলাকায় চাঁদাবাজির ঘটনার অন্যতম হোতা। তাই বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার। এতে পুলিশ আশা করছে–চাঁদাবাজির মূল হোতা গ্রেপ্তারের মধ্য দিয়ে এখন থেকে আর চিংড়ি ঘের এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটবে না। তবে চিংড়ি ঘেরের একাধিক মালিক বলেছেন, যাকে চাঁদাবাজির ঘটনার অন্যতম হোতা বলা হচ্ছে, মূলত সে ঠুনকো চাঁদাবাজ।
ঘেরে চাঁদাবাজির পেছনে অনেক বড় রাঘব বোয়ালের হাত রয়েছে। তাদেরকেই আইনের আওতায় আনতে পারলে চিংড়ি ঘেরে এই চাঁদাবাজি বন্ধ হতে পারে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোকতার হোসেন (৩০)। সে চিরিঙ্গা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর গ্রামের মোজাহের আহমদ প্রকাশ বাইঘ্যার ছেলে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন দৈনিক আজাদীকে বলেন, চিংড়ি জোনের চরণদ্বীপ এলাকার একটি ঘের থেকে চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার করা হয় চাঁদাবাজির ঘটনার অন্যতম হোতা মোকতারকে। তার বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতে সোপর্দ করা হয়েছে। মোকতারের অন্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













