আওয়ামী লীগ সরকার কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তরের ঘোষণা দিয়েছিল। ১০০ শয্যার ভবনসহ অবকাঠামোগত যাবতীয় কাজও সম্পন্ন করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ। কিন্তু ১০০ শয্যার প্রশাসনিক অনুমোদন না হওয়ায় এখনও পর্যন্ত ৫০ শয্যাতেই সীমাবদ্ধ থেকে গেছে সরকারি এই হাসপাতালটি।
এদিকে ৫০ শয্যার হলেও সকল বিভাগের ডাক্তারসহ প্রয়োজনীয় জনবল না থাকায় দীর্ঘদিন ধরে খুঁড়িয়ে চলছিল হাসপাতালের কার্যক্রম। মাত্র কয়েকদিন আগেই হাসপাতালটিতে একসঙ্গে পদায়ন করা হয়েছে ৮ জন চিকিৎসক। এতে আশা করা যাচ্ছে, এখন থেকে প্রয়োজনীয় চিকিৎসকের কাছ থেকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিতভাবে পাবেন এই অঞ্চলের মানুষ।
সরজমিন দেখা গেছে, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকলেও প্রতিদিন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল সংখ্যক রোগীর ভিড় জমে। এতে আগত রোগীর সেবা দিতে গিয়ে বেশ বেগ পেতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ভৌগোলিক কারণে মহেশখালী, কুতুবদিয়া, লামা ও আলীকদম–এই চার উপজেলার কেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানে রোগীর চাপ থাকে শয্যা সংখ্যার তুলনায় চারগুণ। এ নিয়ে চাহিদাপত্র এবং গণমাধ্যমে সংবাদ প্রচারের ফলশ্রুতিতে স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এছাড়া একজন জুনিয়র কনসালটেন্ট বদলি হয়ে এই হাসপাতালে এসেছেন। যোগদান করা ৮ চিকিৎসক হলেন ডা. মালিহা তাহসীন, ডা. আবদুল মোমেন, ডা. রাকিবুল ইসলাম, ডা. মিনহাজুল ইসলাম, ডা. সাগর দে, ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি, ডা. কাশেফ হোছাইন ও ডা. সামিয়া আলম।
ডা. মিসকাত উদ্দিন আহমেদ মাহি বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই আমার বেড়ে ওঠা। নিজ এলাকায় যোগদান করতে পেরে খুব ভালো লাগছে। মানুষের সেবা করার সুযোগ পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমি সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবদিন বলেন, হাসপাতালটি ১০০ শয্যার হলেও বর্তমানে ৫০ শয্যার জনবল ও সরঞ্জাম নিয়ে চলছে। এখানে চিকিৎসকের সংকট ছিল চরম। সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের আন্তরিক প্রচেষ্টায় একসঙ্গে ৮ জন চিকিৎসক যোগদান করেছেন। উপজেলা স্বাস্থ্যপ্রধান বলেন, আমাদের বিশ্বাস, নতুন চিকিৎসকদের নিয়ে আমরা রোগীদের সব ধরনের চিকিৎসাসেবা দিতে পারব। অতীতের মতো আর হাসপাতালে এসে চিকিৎসাসেবা বঞ্চিত হতে হবে না।












