গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রবাসীর স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:২৮ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রবাসীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি ও হাটহাজার থানার ইছাপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি দক্ষিণ শাখা। এসময় ছিনতাই করা ৫ ভরি ১৫ আনা স্বর্ণালংকার এবং স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলোরাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর এলাকার মো. সোহেল ওরফে সোহেল রানা (৪০) এবং হাটহাজারীর ইছাপুর (ফয়জিয়া) বাজারের জুয়েলার্স দোকানের কর্মী উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)

গতকাল সকালে দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ডিবি দক্ষিণের উপকমিশনার শেখ শরীফুল ইসলাম।

সিএমপি জানিয়েছে, মামলার বাদী ও ভুক্তভোগী প্রবাসী শফিউল আলম গত ১৪ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে তিনি একটি ভাড়া গাড়িতে করে বায়েজিদ বোস্তামী থানাধীন বাসার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিল প্রায় ১০০ গ্রাম স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, নগদ বাংলাদেশি টাকা ও দুবাই দিরহামসহ বিভিন্ন মালামাল। তাকে বহনকারী গাড়িটি খুলশী থানার টাইগারপাস থেকে লালখান বাজারের মধ্যবর্তী ওয়াসিম আকরাম এঙপ্রেসওয়ের ফ্লাইওভারে পৌঁছালে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। সেখান থেকে চারজন ব্যক্তি নেমে হাতে ওয়াকিটকি নিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। পরে তারা জোরপূর্বক বাদীর সঙ্গে থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ১৯ ফেব্রুয়ারি খুলশী থানায় একটি মামলা করেন। ঘটনার পর থানা পুলিশের পাশাপাশি ডিবি দক্ষিণ বিভাগ ছায়া তদন্ত শুরু করে। ছায়া তদন্তের একপর্যায়ে পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম বৃহস্পতিবার কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকা থেকে মোহাম্মদ সোহেল ওরফে সোহেল রানাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী থানার ইছাপুর বাজারের আমিন মার্কেটের আমানত শাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই করা স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের বন্ধু সুন্দর জুয়েলার্স নামের একটি দোকান থেকে ৬৯ দশমিক ৩৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহেল রানা জানান, তিনি ও তার সহযোগীরা বিদেশফেরত প্রবাসীদের টার্গেট করে ডিবি পরিচয়ে ছিনতাই করেন। ছিনতাই করা স্বর্ণ উত্তম চৌধুরীর মাধ্যমে বিক্রি করা হতো। সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন