বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলেই সাংবিধানিক প্রক্রিয়ায় সংসদ সদস্যদের শপথ এবং সরকার গঠন শুরু হবে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আশা করছি আজকের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফল ঘোষণা করবে এবং তারপর থেকে ক্ষণ গণনা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ নেওয়ার বিষয়টি সাংবিধানিকভাবেই হবে।
নতুন মন্ত্রিসভা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, একটু অপেক্ষা করতে হবে। পররাষ্ট্রনীতি ও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, সব প্রতিবেশী দেশসহ সবার সঙ্গে আমরা সমতা, আত্মমর্যাদা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।











