গুলাব আঘাত হেনেছে ভারতীয় উপকূলে

চট্টগ্রাম বন্দরকে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৪০ পূর্বাহ্ণ

ভারতীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘গুলাব’। ঘূর্ণিঝড়টির কারণে দেশের কোথাও প্রভাব পড়েনি। তবে স্বাভাবিক আবহাওয়ার পরিবর্তনের কারণে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে গুলাবের কারণে বাংলাদেশ কোনো বিপদ না থাকলেও বন্দরগুলোকে ২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ।
চট্টগ্রাম আবহাওয়া অফিসের গতকাল সন্ধ্যা ৬টার স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দুয়েক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে; যা অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া আকারে সর্বোচ্চ ৩৫-৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি।
আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যা ৬টার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল দিবাগত মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল টাঙ্গাইলে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটে সাগর খুবই উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কঙবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থারনত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ আজাদীকে বলেন, ঘূর্ণিঝড় গুলাব ভারতীয় উপকূলে আছড়ে পড়েছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি কর্মচারী গ্রেপ্তারে পূর্বানুমতির বিধান নিয়ে হাই কোর্টের প্রশ্ন
পরবর্তী নিবন্ধকরোনায় প্রাথমিকের চার শিক্ষক আক্রান্ত একজনের মৃত্যু