গবেষণাই উচ্চশিক্ষার মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার অন্যতম ভিত্তি

পিসিআইইউতে আইকিউএসির কর্মশালায় উপাচার্য

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ৮:২৪ পূর্বাহ্ণ

গবেষণার ধারণা থেকে আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ পর্যন্ত বিভিন্ন বিষয়ে শিক্ষকদের জ্ঞান ও গবেষণা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল শনিবার পোর্ট সিটি ইউনিভার্সিটির (পিসিআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘রিসার্চ ওয়ার্কশপ ২০২৬: জিরো টু পাবলিকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ তৈয়ব চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান।

প্রধান অতিথি বলেন, গবেষণাই উচ্চশিক্ষার মানোন্নয়ন, জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার অন্যতম ভিত্তি। তিনি আরো বলেন, গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি ও সমাজের বাস্তব সমস্যার সমাধানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ অর্জন সম্ভব। এ ধরনের কর্মশালা শিক্ষকদের গবেষণা দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা প্রকাশে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ও সহকারী অধ্যাপক মো.এবাদত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় মূল আলোচক ছিলেন চবি মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান এবং নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.নাসরীন আখতার। অধ্যাপক মো. বজলুর রহমান গবেষণাপত্র লেখার কাঠামো, উপযুক্ত জার্নাল নির্বাচন, গবেষণাপত্র জমা ও প্রকাশনার প্রক্রিয়া, পিয়াররিভিউ প্রক্রিয়া ও তা সম্পন্ন করার কৌশল, এবং গবেষণার গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে কার্যকর অবদান রাখতে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন। মূল আলোচক ড. নাসরীন আখতার গবেষণার বিষয় নির্বাচন, গবেষণা সমস্যা চিহ্নিতকরণ, গবেষণা প্রশ্ন ও উদ্দেশ্য নির্ধারণ, উপযুক্ত গবেষণা নকশা প্রণয়ন এবং গবেষণা নৈতিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকশিক্ষিকাবৃন্দ এবং আইকিউএসির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ধসে পড়ছে নদীরক্ষা ব্লক