পটিয়ায় শিকলবাহা খাল থেকে নিখোঁজ এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত নারীর নাম হাসিনা আকতার (৩১)। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার মফিজুর রহমানের মেয়ে। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম সংলগ্ন শিকলবাহা খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এলাকাবাসী খালের কিনারায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় ওই নারীর পরনে লাল রঙের থ্রিপিস ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আকতার বলেন, মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।














