আনোয়ারায় খালার বাড়ি বেড়াতে গিয়ে ১৪ বছরের এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ১০টা থেকে ভোর ৫টার মধ্যে দুই দফায় ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল শুরুতে নানা চেষ্টা–তদবির চালালেও গতকাল শনিবার ভুক্তভোগীর পরিবার স্থানীয়দের সহায়তায় আনোয়ারা থানায় ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসাইন (২২)। তারা সবাই স্থানীয় পূর্ব গহিরার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল ঘটনার শিকার কিশোরী উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার খালার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাত ৯টায় খালার বাড়ির পাশে খালাতো বোনের বাড়িতে যাওয়ার সময় স্থানীয় এক দোকানদার নিজ দোকানে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানতে পেরে অন্যান্য অভিযুক্তরাও ভুক্তভোগীকে পাশের বিলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী পরিবারকে একটি বিশেষ মহল মীমাংসার নামে চাপ দিতে থাকে। অবশেষে স্থানীয়দের সহায়তায় গতকাল ঘটনার কিশোরীর পরিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৩) ধারায় ৪ জনকে আসামি করে একটি মামলাটি রুজু হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের ধরতে অভিযানে নেমেছে থানা পুলিশ।













