খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ২৪ মাইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি যৌথ খামার ও মুড়া পাড়ার মাঝামাঝি এলাকায়, মহালছড়ি সরকারি কলেজের বিপরীত দিকে পাহাড়ি সড়কের প্রায় দেড় কিলোমিটার ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত নারী মারমা সমপ্রদায়ের হতে পারেন। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ওসি মো. মির্জা জহির উদ্দিন জানান, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে।











