খাগড়াছড়ি জেলার ২৯৮নং আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
মতবিনিময় সভায় সংসদ প্রার্থী ওয়াদুদ ভূইয়া, ধর্ম জ্যোতি চাকমা, এয়াকুব আলী চৌধুরী, সমীরণ দেওয়ান, কাউসার আজিজী, মিথিলা রোজায়াসহ ১০ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুপস্থিত ছিলেন।
এ ছাড়া সেনা রিজিওনের কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় নির্বাচনকালীন পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সেনাবাহিনীর ভূমিকা ও মাঠপর্যায়ে মোতায়েনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় রিজিয়ন কমান্ডার বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান এবং যেকোনো ধরনের সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা অনিয়ম থেকে বিরত থাকার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে সেনাবাহিনী মাঠপর্যায়ে মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সভায় উপস্থিত প্রার্থীরা নির্বাচনী পরিবেশ ও বাস্তব চ্যালেঞ্জ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।রিজিয়ন কমান্ডার তাঁদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।












