খাগড়াছড়িতে তক্ষক পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ মার্চ, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে তক্ষক পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন রাঙামাটির লংগদু থানার ৫নং ওয়ার্ডের হাফেজ আলী (৩৮) এবং একই থানার ১নং ওয়ার্ডের আমিরুল ইসলাম (২৯)

বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি পৌর শহরের আবাসিক হোটেল দ্য গ্রিন ভ্যালিতে অভিযান চালানো হয়। পুলিশ ও বন বিভাগের যৌথ সহায়তায় ওই হোটেল থেকে পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি টুথপেস্টের বক্সের ভেতর থেকে সাত ইঞ্চি দৈর্ঘ্যের একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী অপরাধী হওয়ায় আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এদিকে, আদালতের নির্দেশে উদ্ধারকৃত তক্ষকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিশুদের মুখে হাসি ফোটানো মানবিক ও মহৎ উদ্যোগ
পরবর্তী নিবন্ধব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান