খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এয়ারগানের গুলিতে আহত ক্রেস্টেড সার্পেন্ট ঈগলকে (তিলা নাগ ঈগল) উদ্ধার করে চিকিৎসা প্রদান শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের আওতাধীন মাটিরাঙ্গা রেঞ্জ অফিসে বাগানমালী মো. আবুল হাসানের কাছে ঈগলটি হস্তান্তর করা হয়।
স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকর্মী ও বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ফেসিলিটেটর আহসান হাবীব জানান, সোমবার বিকেলে ৪টার দিকে উপজেলার বেলছড়ি ইউনিয়নে স্বর্ণকার টিলা এলাকায় স্থানীয় বাসিন্দা মোঃ ওয়াসিম তালুকদার গ্রামীণ বনের পাশে গর্তে আহত একটি পাখি দেখতে পান। পরে পাখিটি তিনি উদ্ধারে করে নিয়ে আসার পর জীববৈচিত্র্য সংরক্ষণ দল এবং বেলছড়ি ইউনিয়ন প্রকৃতি সংরক্ষণ ও বন্যপ্রাণী উদ্ধার দল আহত পাখিটির প্রাথমিক চিকিৎসা দেন।
পরে আজ (মঙ্গলবার) দুপুরে উপজেলা ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। ভেটেরিনারি সার্জনপাখিটির চিকিৎসা করেন এবং পাখিটির চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ দেন। পরে আহত ঈগলকে পরিচর্যার জন্য বন বিভাগের রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।
মাটিরাঙা ভেটেরিনারি সার্জন ডা. সুমেন চাকমা জানান, পাখিটির ডানায় এয়ারগানের গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ইনজেকশন দেয়া হয়েছে। এছাড়া কয়েকটা ওষুধও দেয়া হয়েছে।
খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধারকারীরা গুলিবিদ্ধ আহত ঈগলটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। অসুস্থ ঈগলের খাবার হিসেবে মাছও কেনা হয়েছে। ভেটোনারী সার্জনের পরামর্শ মোতাবেক আহত ঈগলের চিকিৎসা দেওয়া হবে। পাখিটি সুস্থ হওয়ার পর তা বনে অবমুক্ত করা হবে।










