খাগড়াছড়ির মেয়ে বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল দলের খেলোয়াড় ম্্রাসাইন্দা চৌধুরী বর্তমান সরকার প্রবর্তিত ক্রীড়া কার্ড পেয়েছেন। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া কার্ড এবং ভাতা প্রদান করা হয়। ম্্রাসাইন্দা চৌধুরীও এ কার্যক্রমের আওতায় এসেছেন। চট্টগ্রাম থেকে উঠে আসা এই খেলোয়াড় বর্তমানে বাংলাদেশ আনসারে চাকরি করছেন। তার আগে ২০১২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি আন্তঃজেলা ভলিবলে চট্টগ্রামের পক্ষে অংশ নেন। বাংলাদেশ গেমসেও চট্টগ্রামের হয়ে খেলেছেন তিনি। চাকরীর সুবাদে এখন তিনি বাংলাদেশ আনসারের হয়ে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেন। চট্টগ্রামের প্রসিদ্ধ ভলিবল কোচ যিনি জেলা ও বিভাগীয় মহিলা দলের দায়িত্বে ছিলেন বিভিন্ন সময় সেই শামীম আহমেদের হাত ধরে উঠে আসেন এই নারী ভলিবল খেলোয়াড়। ম্্রাসাইন্দা ২০১০ সাল থেকেই ভলিবলে হাতেখড়ি নেন কোচ শামীম আহমেদের কাছ থেকে। গত ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠিত মেয়েদের কাভা কাপ টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয়। তাতে দ্বিতীয় রানার আপ হয়ে ব্রোঞ্চ পদক জয় করে বাংলাদেশ। সে দলের গর্বিত সদস্য ম্্রাসাইন্দা চৌধুরীও। ক্রীড়া কার্ড পেয়ে তিনি বলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এটি অনন্য সাধারণ অধ্যায়। উন্নত বিশ্বের মত খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এতে করে। বর্তমান সরকারের এ পদক্ষেপ খেলাধুলায় পেশাদারিত্ব সৃষ্টি এবং বৃদ্ধিতে অতুলনীয় ভূমিকা রাখবে।













