ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে সুপরিচিত সাবেক এই তারকা ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে সোবার্স ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। এ সময়ে তিনি ৮,০৩২ রান করার পাশাপাশি ২৩৫টি উইকেট শিকার করেন। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে সোবার্স অপরাজিত ৩৬৫ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলেন। পরবর্তী ৩৬ বছর ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে টিকে ছিল। একজন বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি বোলিংয়েও ছিলেন অত্যন্ত বহুমুখী। তিনি একই সাথে স্পিন এবং পেস উভয় ধরনের বোলিং করতে পারতেন। ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে ৬টি ছক্কা মারার অনন্য কীর্তি গড়েন তিনি। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও তিনি উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।











