কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

| মঙ্গলবার , ২৮ এপ্রিল, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ উদযাপিত হতে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগারগাঁওস্থ কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকবেন। এ ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক এবং অসামরিক ব্যক্তিবর্গের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য চার জনকে কোস্ট গার্ড পদক, চার জনকে কোস্ট গার্ড (সেবা) পদক, তিন জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক ও তিন জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ১৪ জনকে পদক প্রদান করবেন। খবর বাসসের।

১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের সুবিশাল উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সম্ভাবনাকে সুরক্ষিত করতে, উক্ত বাহিনী গঠনের প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুধাবন করে এই বাহিনীর ‘আইনি ভিত্তি’ প্রণয়ন করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা ও দুরদর্শী নেতৃত্বের মাধ্যমে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি অত্র বাহিনীর গোড়াপত্তন হয় এবং তাঁর প্রত্যক্ষ উপস্থিতিতে ১৯৯৫ সালের ১৯ ডিসেম্বর শুভ উদ্বোধনের মাধ্যমে অত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে হাম ও লক্ষণ নিয়ে আরও ৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধকাস্টমস কর্মকর্তাকে চলন্ত টেক্সি থেকে ফেলে দিয়েছিল ছিনতাইকারীরা : র‌্যাব