বাবার সঙ্গে রাতের খাবার কিনতে গিয়েছিল ছোট্ট শিশুটি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বার্গার কিং রেস্তোরাঁর সামনে গাড়ির পেছনের আসনে বসে ছিল সে। খবর বিডিনিউজের।কিন্তু মুহূর্তের এক দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ। গাড়িতে রেখে যাওয়া বাবার পিস্তল থেকে বেরিয়ে যাওয়া গুলিতে মৃত্যু হয়েছে তিন বছর বয়সী শিশুটির। আর মাত্র কয়েক দিন পরই তার চতুর্থ জন্মদিন উদযাপনের কথা ছিল। দ্য মিররের খবরে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বার্টো শহরে ঘটে এ দুর্ঘটনা। পোল্ক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ইস্ট ভ্যান ফ্লিট ড্রাইভের একটি বার্গার কিংয়ের ড্রাইভ–থ্রুতে খাবার কিনতে গিয়েছিলেন শিশুটির বাবা। কিন্তু খাবারের দাম পরিশোধ করতে গিয়ে তার ক্রেডিট কার্ডের লেনদেন প্রত্যাখ্যাত হয়। সমস্যা সমাধানের জন্য তিনি গাড়িটি পাশে পার্ক করেন। এ সময় কোমরে রাখা গ্লক পিস্তলটি বের করে গাড়ির ভেতরে রাখেন তিনি। তদন্তকারীদের ধারণা, গাড়ির পেছনের আসনে থাকা শিশুটি পিস্তলটি দেখতে পেয়ে হাতে তুলে নেয়। খেলতে খেলতেই সেটি থেকে গুলি বেরিয়ে তার মুখে লাগে।












