কাপ্তাই উপজেলার কেপিএম স্কুলে ‘রূপসী কাপ্তাই’ এর উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যময় খেলা দড়ি লাফ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ১৩জন ছাত্রী দড়িলাফ প্রতিযোগিতায় অংশ নেয়। খেলা পরিচালনা করেন রূপসী কাপ্তাই এর নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। সহযোগিতায় ছিলেন কেপিএম স্কুলের শিক্ষক মো. আব্দুল মাবুদ এবং কেপিএমের নিরাপত্তা কর্মচারী মো. জয়নাল আবেদীন। দড়ি লাফ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কর্ণফুলী পেপার মিলের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় হয় যথাক্রমে মরিয়ম বেগম, শেফালী আক্তার ও নারগিস বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হুদা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এফআরএম) আলী আহম্মদ, মহাব্যবস্থাপক (টেকনিকেল) রুপম বড়ুয়া, সিবিএ সভাপতি আবদুল রাজ্জাক, সাধারণ সম্পাদক, কাজী মো. আবু সরোয়ার প্রমুখ।













