কেন্দ্র থেকে দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন থানা কমিটিগুলোর পুনর্গঠনের সিদ্ধান্ত দেয়া হবে বলে জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ হৃদয়ে ধারণ করে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরবেন। যুবদল সবচেয়ে সুশৃঙ্খল একটি সংগঠন। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে অতীতের ন্যায় প্রস্তুত।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সম্মুখ মাঠে ‘সমসাময়িক বিষয়াবলী ও সাংগঠনিক স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে’ চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ–সভাপতি জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান মাহফুজ ও ফেরদৌস আহমেদ মুন্না ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি। চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
আবদুল মোনায়েম মুন্না বলেন, চট্টগ্রাম মহানগর একটি গুরুত্বপূর্ণ ইউনিট যুবদলের। একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ২৩ মাস আগে কমিটিটা বিলুপ্ত করেছিলাম। এসময় বিলুপ্তকৃত এ কমিটি পুনর্বহাল প্রসঙ্গে বলেন, আমরা আমাদের দায়িত্বের জায়গা থেকে এই সিদ্ধান্ত নিয়েছি, কেন নিয়েছি? যে চট্টগ্রাম মহানগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট। বিভিন্ন ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করে আমাদের কমিটিগুলো করতে হয়। বিশেষ করে বিভাগীয় শহর। ঢাকার পর চট্টগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অনেক ধরনের ইকুয়েশন, বিভিন্ন স্টেকহোল্ডারদের বিভিন্ন বক্তব্য থাকে, সবকিছু মিলিয়েই কিন্তু আমরা পারতেছিলাম না। সেইজন্য আমরা এই বিলুপ্ত কমিটিকে আবার বহাল করেছি। এর মধ্যে যতগুলো কেন্দ্রীয় প্রোগ্রাম ছিল চট্টগ্রামভিত্তিক, আমরা কিন্তু সাবেক নেতৃবৃন্দ, মানে তৎকালীন বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দকে দিয়েই করিয়েছি। সুতরাং আমরা কিন্তু তাদেরকে আমাদের স্বীকৃতির বাইরে কখনোই রাখিনি।
উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুবদলের চট্টগ্রাম মহানগর ও অধীনস্ত সকল থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছিল ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর। যা ২৫ আগস্ট পুনর্বহাল করা হয়।
কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ–সভাপতি ইকবাল হোসেন, সহ–সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম, আবদুল গফুর বাবুল, দিদারুল ফেরদৌস, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর, এডভোকেট ফিরোজ, মজিবুর রহমান, আবু সুফিয়ান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।












