লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় গোলাম আজম নামে ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার তার কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজবিলা বড়ুয়া পাড়ায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল অভিযান পরিচালনা করেন। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়।এ সময় ঘটনাস্থল থেকে ১টি ডাম্পট্রাক ও ১টি এক্সকেভেটর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় রাখা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটায় ১ ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষিজমির টপসয়েল ও পাহাড়–টিলা কেটে পরিবেশের ভারসাম্য ধ্বংসকারীদের কোন ছাড় দেয়া হবে না। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।












