কিশোর গ্যাং নির্মূলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

মহানগর জামায়াতের সমাবেশে নজরুল ইসলাম

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

আইন–শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও মাদকের বিস্তার এবং নৈতিক অধঃপতনের ভয়াবহ স্রোত রোধে সরকার ব্যর্থ হলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, আবু হেনা মোস্তফা কামাল, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, বন্দর থানা আমির মাহমুদুল আলম প্রমুখ।

নজরুল ইসলাম বলেন, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ভ্যালিতে অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা এবং সশস্ত্র গোষ্ঠী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। তিনি বলেন, অপরাধ দমন করতে গিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন অমান্য করার সুযোগ নেই। অপরাধীদের অস্ত্রভাণ্ডার উদ্ধার, চাঁদাবাজি ও অপহরণ বন্ধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নির্মূলে সরকারকে দল–মতনির্বিশেষে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে ব্যর্থতার পরিণতি দেশ ও জাতির জন্য ভয়াবহ হতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিতে অন্যায় করে পার পাওয়ার সুযোগ নেই : এমপি সরওয়ার আলমগীর
পরবর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু