কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভায় ওয়াহিদ মালেক

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল রোববার সন্ধ্যা ৭টায় দৈনিক আজাদী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

কিডনি রোগী কল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেকের সভাপতিত্বে এবং অর্থ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আবু মুসা, প্রচার ও প্রকাশনা মুহাম্মদ ওবায়দুল হক মনি, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আহসান হাবিব বাবু, যাকাত উপ কমিটির সদস্য মোহাম্মদ নিজাম ভুঁইয়া, মোহাম্মদ আরিফ, অফিস কর্মকর্তা মুহাম্মদ আবদুল আলী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ওয়াহিদ মালেক বলেন, দেশে কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। তাই প্রতিকারের পাশাপাশি কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি।

তিনি বলেন, কিডনি মানবদেহের একটি অপরিহার্য অঙ্গ। কিডনি রোগের দুষ্প্রাপ্য, ব্যয়বহুল চিকিৎসায় ভুক্তভোগী এবং নির্মম বাস্তবতার প্রত্যক্ষ সাক্ষী হিসেবে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত হতদরিদ্র কিডনিরোগী ও ভুক্তভোগী পরিবারের বুকফাটা বোবাকান্না ও নির্মম কষ্টের আওয়াজ সরকার, সামর্থ্যবান ও মানবিক সমাজে ছড়িয়ে দিয়ে সর্বজনীন সহযোগিতা ও উদ্যোগের মাধ্যমে জীবন রক্ষার প্রয়োজন।

তিনি আরও বলেন, ৬৮ হাজার গ্রামবাংলার অগণিত হতদরিদ্র কিডনি রোগী চিকিৎসা বঞ্চিত হয়ে অকাল মৃত্যুবরণ করছে। অপরদিকে সীমিত সাধ্যের গুটিকয়েক কিডনি রোগীর ডায়ালাইসিস অর্থাভাবে মাঝপথে বন্ধের কারণে ব্যাপক হারে কিডনি রোগীর মৃত্যু আমাদের ভাবিয়ে তুলেছে। তিনি কিডনি ট্রান্সপ্ল্যান্টে বিদ্যমান আইনি জটিলতা কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জিয়া স্মৃতি সংসদ ফুটবলে সেভেন স্টার ক্লাব জয়ী