পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ ঘটনা স্মরণে নগরে শিয়া সমপ্রদায়ের উদ্যোগে শোক মজলিস ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহ থেকে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেনের নেতৃত্বে শোক র্যালি বের হয়। র্যালিটি নিউমার্কেট, জিপিও, কোতোয়ালী মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে গিয়ে শেষ হয়।
শত শত নারী–পুরুষ ও শিশু–কিশোরের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগের আদর্শ তুলে ধরা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্বশান্তি এবং জঙ্গিবাদ–উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
র্যালিতে ইমাম হোসাইন (রা.)-এর প্রতীকী কফিন এবং বিভিন্ন লেখা–সংবলিত পতাকা (আলাম) বহন করেন। পুরো র্যালিজুড়ে কারবালার শহীদদের স্মরণে নওহা ও মার্সিয়া পাঠ করা হয়। ‘ইয়া হোসাইন’ ও ‘লাব্বাইক ইয়া হোসাইন’সহ বিভিন্ন শোকধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে মাসায়েব মজলিস অনুষ্ঠিত হয়। এতে হুজ্জাতুল ইসলাম মাওলানা আমজাদ হোসেন কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবার–পরিজনের শাহাদাতের হৃদয়বিদারক ঘটনা তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিবছর ১০ মহরম পবিত্র আশুরার দিনে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে নগরীর সদরঘাট থেকে এ শোক র্যালির আয়োজন করে শিয়া সমপ্রদায়। এ উপলক্ষে সদরঘাট হোসাইনিয়া ইমামবারগাহে বিভিন্ন ধর্মীয় আচার–অনুষ্ঠানও পালন করা হয়।










