কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) গতকাল ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএসপিআইয়ের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। বিএসপিআইয়ের ইন্সট্রাক্টর মো. শোয়াইব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, বিএসপিআইয়ের কম্পিউটার বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. তারেকুল ইসলাম এবং সিভিল উড বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন। বিএসপিআইয়ের ১৪ জন শিক্ষার্থী ডুয়েট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার গৌরব অর্জন করায় তাদেরকে ইনস্টিটিউটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই বিএসপিআই। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী কারিগরি শিক্ষায় সুশিক্ষত হবেন বলেও তিনি প্রত্যাশা করেন।












