কানাডায় নির্বিচার গুলির ঘটনায় সন্দেহভাজন এক নারী শনাক্ত

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৩৯ পূর্বাহ্ণ

কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ছোট শহর টাম্বলার রিজের একটি মাধ্যমিক স্কুল ও বাড়িতে বন্দুকধারীর গুলির ঘটনার সন্দেহভাজন হিসেবে ১৮ বছর বয়সী এক নারীকে শনাক্ত করেছে পুলিশ। বুধবার পুলিশ জানায়, এই নারীর মানসিক সমস্যা ছিল আর তিনি মা ও সৎ ভাইকে হত্যার পর তার সাবেক স্কুলে গিয়ে হামলা চালান। খবর বিডিনিউজের।

কানাডার ইতিহাসে অন্যতম সবচেয়ে প্রাণঘাতী এই হত্যাকাণ্ডটির কারণ কী, তদন্তকারীরা তা জানাননি। রয়টার্স জানিয়েছে, হত্যাকারীকে ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার বলে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার প্রায় আড়াই হাজার বাসিন্দার শহর টাম্বলার রিজে গুলি করে ৮ জনকে হত্যার পর তিনি আত্মহত্যা করেন। পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনায় ১০ জন নিহত হওয়ার কথা বললেও পরে রুটসেলারসহ মোট ৯ জন নিহত হয়েছেন বলে জানায়।

ব্রিটিশ কলম্বিয়ার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কমান্ডার ডেপুটি কমিশনার জানিয়েছে ডোয়েইন ম্যাকডোনাল্ড জানিয়েছেন, প্রাদেশিক মানসিক স্বাস্থ্য আইনের আধীনে রুটসেলারকে মূল্যায়ন করার জন্য একাধিকবার আটক করা হয়েছিল। রুটসেলার একসময় স্কুলে ভর্তি হয়েছিলেন কিন্তু চার বছর আগে স্কুল থেকে বাদ পড়েন। ম্যাকডোনাল্ড বলেছেন, আমাদের সন্দেহভাজন ব্যক্তির মানসিক স্বাস্থ্যের উদ্বেগ মোকাবেলায় গত কয়েক বছরে পুলিশ ওই (পরিবারের) বাড়িতে অনেকবার গিয়েছিল।

রয়টার্স লিখেছে, প্রতিবেশী যুক্তরাষ্ট্রে স্কুলগুলোতে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটলেও কানাডায় এ ধরনের ঘটনার কথা প্রায় শোনা যায়নি। প্রথমদিকে এর ধাক্কা সামলাতে দেশটির নেতারা হিমশিম খাচ্ছিলেন। দৃশ্যত বিচলিত কানাডার প্রধানমন্ত্রী মার্কি কার্নি সাংবাদিকদের বলেন, আমরা এটা কাটিয়ে উঠব। আমরা এ থেকে শিখব। এক পর্যায়ে কার্নিকে প্রায় কান্নারত দেখা যায়। তিনি ইউরোপ ভ্রমণ স্থগিত করেছেন আর আগামী সাত দিন দেশব্যাপী সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিয়েছেন।

এর কয়েক ঘণ্টা পর কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতারা এ ঘটনায় এক মিনিট নীরবতা পালন করে শোক জানান।

পূর্ববর্তী নিবন্ধতারকাদের ভোটের কথা
পরবর্তী নিবন্ধউত্তরসূরি হিসেবে মেয়েকে সামনে আনছেন কিম জং উন