কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন আহসানুল হক শামীম

স্মরণসভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান

| বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, বিজিএমইএ’র সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর চট্টগ্রামে তিনি অল্প কয়েকজন মানুষকে চিনতেন, তাদের মধ্যে সৈয়দ আহসানুল হক শামীম অন্যতম। তিনি বলেন, চট্টগ্রামে কোনো সমস্যা হলে শামীম সবসময় পাশে থাকতেন। পোশাক শিল্পের জন্য তিনি অনেক কাজ করে গেছেন এবং তাঁর কর্মের গুণেই তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

গত ৩০ মার্চ বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বিউমন্ড গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহসানুল হক শামীমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ ভবনের মাহবুব আলী হলে এই স্মরণসভার আয়োজন করে বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চল।

বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, শুধু একজন উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন একজন ভালো মানুষ, সহকর্মী এবং সবার প্রিয় একজন বন্ধু। তাঁর কর্ম, তাঁর আদর্শ এবং তাঁর অবদান বিজিএমইএ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি মরহুমের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বলেন বিজিএমইএ পরিবার সবসময় তাঁদের পাশে থাকবে।

বিজিএমইএ’র সাবেক প্রথম সহসভাপতি ও পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা একসাথে কাজ করেছি। অল্প সময়ের জীবনে তিনি অনেক কিছু করে গেছেন এবং তাঁর ভালো গুণগুলো আমরা ধারণ করার চেষ্টা করব।

প্রাক্তন প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, শামীম আমার নিজের ছোট ভাইয়ের মতো ছিল। আমরা একসাথে অনেক কাজ করেছি, দেশের ভেতরে ও বিদেশে বহুবার গিয়েছি, বিভিন্ন বায়ার মিটিং ও শিল্পসংক্রান্ত কাজে একসাথে অংশ নিয়েছি। কর্মক্ষেত্রে সে ছিল অত্যন্ত আন্তরিক, দায়িত্বশীল ও সহযোগিতাপরায়ণ একজন মানুষ। তার এই অকাল প্রয়াণ আমাদের জন্য গভীর বেদনার এবং পোশাক শিল্পের জন্য অপূরণীয় ক্ষতি।

বিজিএমইএ চট্টগ্রাম অঞ্চলের স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরিচালক মো. সাইফ উল্লাহ মনসুরের সঞ্চালনায় স্মরণসভায় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালকবৃন্দ ড. রশিদ আহমেদ হোসাইনি, মজুমদার আরিফুর রহমান, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তন প্রথম সহসভাপতি নাসিরউদ্দিন চৌধুরী, প্রাক্তন পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী, আশিক ভূঁইয়া এবং মরহুমের বড় ছেলে সৈয়দ আছির হক।

উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন সহসভাপতিবৃন্দ মোহাম্মদ ফেরদৌস, এ এম চৌধুরী সেলিম, প্রাক্তন পরিচালকবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি অন রিলিজিয়াস অ্যাফেয়ার্সের কোচেয়ারম্যান ওয়াদুদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ। পোশাক শিল্পের প্রয়াত মালিক, শ্রমিক ও কর্মচারীদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা
পরবর্তী নিবন্ধসংগীত গড়ে তোলে সহানুভূতিশীল মানুষ শিল্পচর্চা বাড়ায় সামাজিক সচেতনতা