নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ও বৈরাগ এলাকা থেকে দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ও রোববার পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নুরুল আমিন টিটু ও আক্তার হোসেন প্রকাশ আকতার। আকতারের বসতঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পুরোনো বিদেশি রিভলভার, দুটি চাইনিজ কুড়াল, একটি ধামা, একটি লাঠি ও একটি চাবুক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, টিটুর বিরুদ্ধে কর্ণফুলী, কোতোয়ালি ও পটিয়া থানায় মাদক, চাঁদাবাজি, হামলা, দস্যুতা ও চুরিসহ মোট ৬টি মামলা রয়েছে। অন্যদিকে আকতারের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় অস্ত্র, মাদক, হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতির প্রস্তুতি, পরিবেশ আইনের মামলা, চুরি, চাঁদাবাজি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলম দৈনিক আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত দু’জন সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।












