কর্ণফুলীতে ছুরিকাঘাতে স্ত্রী আহত, জঙ্গলে ফেলে পালানোর অভিযোগ

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমানের (২৭) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি নির্জন জঙ্গলে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে একই এলাকার চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন। জানা গেছে, তিনি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) এ কর্মরত।

অভিযুক্ত হাবিবুর রহমানের বাড়ি ফরিদপুর জেলায়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারার দ্বিতীয় বিয়ে। তার আগের স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামীর সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে তিনি স্বামীকে ভাড়া বাসা থেকে বের করে দেন বলেও জানা গেছে।

পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কর্ণফুলী থানার একজন এসআই হাসপাতালে অবস্থান করে প্রয়োজনীয় সহযোগিতা করছেন বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধ৪১৩৬ জনকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ
পরবর্তী নিবন্ধমাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও সুশৃঙ্খল জীবন গঠনের মাস