কক্সবাজারে মায়ের প্রেমিককে হত্যা, যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার মায়ের প্রেমিককে হত্যার অভিযোগে রবিউল হোসাইন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিউল হোসাইন ওরফে রবি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ মামলার বরাতে বলেন, প্রায় ১০ বছর আগে রবিউলের মা রেহেনা বেগম তার প্রথম স্বামীকে ত্যাগ করে বাবার বাড়িতে চলে আসেন। পরবর্তীতে তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সামাজিকভাবে বিয়ে না হলেও তারা স্বামীস্ত্রীর মতো বসবাস করছিলেন। তিনি বলেন, রেহেনার প্রথম স্বামীর সন্তান রবিউল হোসাইনও বিষয়টি মেনে নিয়েছিলেন। এমনকি আজিমকে তিনি বাবার মতো ভালোবাসতেন এবং আজিমও তাকে সন্তানের মতো দেখতেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত ২ এপ্রিল দুপুরে এনজিও থেকে নেওয়া কিস্তির টাকা নিয়ে আজিমের সঙ্গে রবিউলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউল পাশে থাকা একটি কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আজিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তিনি মারা যান।

গতকাল শুক্রবার দুপুরে রবিউলের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামটিও উদ্ধার করা হয়েছেএমন তথ্য জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধ‘কারো কিছু হলো না, শুধু আমার মেয়েটা মারা গেল’