কক্সবাজারের সদরের খরুলিয়ায় দ্রুতগামী ডাম্পার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা ২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খরুলিয়া হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার মো. শওকতের পুত্র মো. আরফাত (২০) ও বাংলাবাজার এলাকার নূরুল হকের পুত্র রিসান (২১)। তারা মোটরসাইকেল আরোহী ছিলেন। এই ঘটনায় মোটরসাইকেলের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছে। আহত সামু (১৬) ঝিলংজা বাংলাবাজার এলাকার মনিরুল হকের পুত্র। মোটরসাইকেলের তিনজন আরোহী বন্ধু ছিলেন।
রামু হাইওয়ে পুলিশের ওসি নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, কঙবাজার থেকে রামু অভিমুখী তিনজন আরোহীর মোটরসাইকেলটি সাথে কঙবাজারমুখী একটি দ্রুতগামী ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কঙবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়।
এ ঘটনার ডাম্পারটি নিয়ে চালক ও হেলপার পালিয়ে গেছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গতকাল রাতেই নিহতদের জানাজা শেষে দাফন করা হয়েছে।














