চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকার একটি ফ্যাক্টরি থেকে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার সদর থানার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ (২৪)। গত শনিবার দিবাগত রাতে র্যাব–৭ ও র্যাব–১৫–এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ২১ মে কক্সবাজার সদর থানায় দায়ের করা জাহাঙ্গীর হত্যা মামলায় আরিফকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম শহরে অবস্থান করছিল। আরিফ কক্সবাজার সদর থানার তেতৈয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।












