কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো

আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

রোদ আর মেঘের মিতালী মাখা বিকাললগ্ন। ক্ষণে ক্ষণে বৃষ্টির পরশ। সমুদ্র সৈকতে স্নান করতে দারুণ একটি পরিবেশ। তাই অনেক পর্যটক পানিতে স্নানে হৈহুল্লোডে মত্ত ছিলেন তখন। এসময় আকস্মিক কুণ্ডলি পাকিয়ে পানি থেকে আকাশ ছুঁয়ে ধেয়ে আসতে থাকে ভয়ংকর টর্নেডোযা চোখে স্পষ্ট দেখা যাচ্ছে। এতে মুহূর্তের মধ্যে ভারি বাতাস সৃষ্টি হয়। তা দেখে স্নানে ব্যস্ত পর্যটকরা যারপরনাই ধেয়ে কূলে উঠতে থাকে। তবে তার আগেই আঘাত হানে টর্নেডো। এতে ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়। যার কারণে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে দিকব্দিক ছোটাছুটি করেন পর্যটকরা।

গতকাল বেলা পৌনে তিনটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে আঘাত হেনেছে টর্নেডো। বিভিন্নজনের ধারণ করা ভিডিওতে এই চিত্র দেখা গেছে। কিন্ত এই ভয়াবহ টর্নেডোর আঘাতে কেউ হতাহত হয়নি। তবে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী ছিল এই টর্নেডো। এটি শুধুমাত্র সুগন্ধা পয়েন্টে একটি নির্দিষ্ট স্থানে আঘাত হানে। ধারণ করা ভিডিওতে দেখা যায়, টর্নেডো ধেয়ে আসার চিত্র দেখে পানি থেকে কূলের দিকে ধেয়ে আসছে পর্যটকরা। তবে তারা কূলে উঠার আগেই আঘাত হানে টর্নেডো। এসময় বালিয়াড়িতে থাকা পর্যটকদেরও পালাতে দেখা যায়।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে এবং এক পর্যায়ে দ্রুত আঘাত হানে এই টর্নেডো। এতে লোকজন হতাহত না হলেও সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

এ ব্যাপারে সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ডের দলনেতা ওসমান গণি বলেন, টর্নেডোটি বেশ দূরে সৃষ্টি হতে পারে। কিন্তু দূরে থাকতে তা পরিলক্ষিত হয়নি। কূলের কাছে পানিতে থাকতেই পরিলক্ষিত হয়। ততক্ষণে পানিতে থাকা পর্যটকরা চেষ্টা করেও কূলে উঠতে পারেনি।

তিনি বলেন, টর্নেডোর কুণ্ডলি পাকানো বাতাসে আকস্মিক তীব্র ঢেউ সৃষ্টি হয়ে অঘটন ঘটার আশঙ্কা থাকে। বিশেষ করে পর্যটকরা আকস্মিক বড় ঢেউয়ে তলিয়ে যেতে পারে। কিন্তু ভাগ্য ভালো, এটাতে তা হয়নি। তারপরও লাইফগার্ড কর্মীরা দ্রুত সতর্ক হয়ে জরুরি বাঁশি বাজিয়ে পর্যটকদের সতর্ক করে তোলে এবং সাহায্যে এগিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের সার্ভার জালিয়াতি করে মদ-সিগারেট খালাসের চেষ্টা
পরবর্তী নিবন্ধবন্যায় চট্টগ্রামে ৬১৪ গ্রামীণ সড়কের ৪৯০ কিলোমিটার ক্ষতবিক্ষত