চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রামের ৩য় সিনিয়র সহকারী জজ রেশমা খাতুনের আদালত নথিপত্র, বাদীর আবেদন ও ওয়াসার আপত্তি পর্যালোচনা শেষে এ আদেশ দেন। সম্প্রতি চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন হালিশহরের আনন্দবাজার এলাকার নার্সারি ব্যবসায়ী নজরুল ইসলাম দুলাল।
ওয়াসার আইনজীবী জিয়া হাবীব আহসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম ওয়াসার সম্পত্তিতে বাদীর কোনোরূপ স্বত্ব দখল নেই। বাদীর মূল মামলাটি অচল ও অরক্ষণীয় বিধায় উক্ত নিষেধাজ্ঞার আবেদন খারিজ করা হয়েছে। ৩,৮০৮ কোটি টাকা ব্যয়ে সরকারের চলমান এ উন্নয়ন কাজে বাধা প্রদানের উদ্দেশ্যে এ দরখাস্ত আনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।












