সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাটের নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার গাড়িতে ঢিল ছুঁড়েছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটি পার্কিং করা ছিল বলে হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল নগরীর খুলশী থানাধীন দামপাড়া ওয়াসার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ভোর সাড়ে ৬টায় শপথ নেয়ার জন্য চট্টগ্রাম আসার পথে দাগনভূঞা জিরো পয়েন্টেও দুর্বৃত্তরা তাঁর গাড়ি বহরে হামলা করেন বলে অভিযোগ করেছিলেন আবদুল কাদের মির্জা। খুলশী থানার ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান আজাদীকে জানান, ঢিল ছোঁড়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এসময় গাড়িটি বা হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।
কাদের মির্জার ঘনিষ্ট একটি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মেয়র হিসেবে শপথ নিতে আসেন সম্প্রতি বক্তব্যের মাধ্যমে আলোচিত সমালোচিত কাদের মির্জা। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। শপথ গ্রহণ শেষে কাদের মির্জা ওয়াসা ভবনের বিপরীতে মুনতাসিম ভবনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। এ সময় নিচে পার্কিংয়ে রাখা তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছুঁড়ে দুর্বৃত্তরা। ঢিলের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে গেছে।
উল্লেখ্য, গতকাল চট্টগ্রাম বিভাগের নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়।












