যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ও প্রভাবশালী গণমাধ্যম ‘ওয়াশিংটন পোস্ট’ বুধবার তাদের এক–তৃতীয়াংশ সংবাদ কর্মী ছাঁটাই করেছে। ৩০০ জনেরও বেশি কর্মী চাকরি হারিয়েছেন। সেই তালিকায় আছেন ভারতের লোকসভার সদস্য কংগ্রেস নেতা শশী থারুরের ছেলে ঈশান থারুরও। খবর বিডিনিউজের।
একে মার্কিন সংবাদ মাধ্যমের ইতিহাসে এক ভয়াবহ আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পত্রিকাটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে ওয়াশিংটন পোস্টকে ভবিষ্যতে আরও ভাল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কর্মী ছাঁটাইয়ের এই পদক্ষেপকে কৌশলগত পুনর্গঠন বলে অভিহিত করেছেন। কোম্পানির এই পদক্ষেপকে জরুরি বলে উল্লেখ করেছেন তিনি। তার দাবি, প্রযুক্তির পরিবর্তন ও পাঠকদের চাহিদার কথা মাথায় রেখেই এই পুনর্গঠন করা হচ্ছে। তবে আজকের নেওয়া এই পদক্ষেপ বেদনাদায়ক বলেও তিনি স্বীকার করেন। গণমাধ্যমটির বিদেশের একাধিক ব্যুরো, স্থানীয় প্রতিবেদক টিম, ক্রীড়া বিভাগ এবং ব্যবসায়িক বিভাগের গুরুত্বপূর্ণ অংশও এই গণছাঁটাই থেকে বাদ যায়নি।












