টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষেই আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে সালমান আগা–বাবর আজমরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচের সূচি ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ, এরপর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই ডে–নাইট। ম্যাচ শুরু হবে সোয়া দুইটায়। ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানে ফিরে যাবেন বাবররা। এরপর পিএসএল খেলবেন দেশটির ক্রিকেটাররা। ঘরোয়া এ লিগ শেষে আবারো বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দ্বিতীয়বার এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ৮ মে মাঠে মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ১৬ মে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।












