সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস ও খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রি করায় একটি কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে এমআর ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস ও অন্যান্য খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে আসিফ কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।












