ওমানের বানি বুহাছান এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. মহিম (৩০) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসী নিহত হয়েছেন। গত ২৬ আগস্ট রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত প্রবাসী রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পদুয়া পূর্ব খুরুশিয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি প্রায় সাত বছর ধরে ওমানে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং সেখানে একটি ফুলের দোকান করতেন।
নিহতের প্রতিবেশী তাজুল ইসলাম জানান, ঘটনার দিন তিনি ওমানের একটি মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে নিজের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের সবাই প্রবাসে অবস্থান করছেন। তাদের মধ্যে এক ভাই দুবাই এবং বাকি দুই ভাই ওমানে রয়েছেন। প্রবাসে এমন আকস্মিক মৃত্যুর খবরে তাদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ দেশে আনা হচ্ছে।












