চট্টগ্রাম–১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে গণপ্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কোলাগাঁও ইউনিয়নে বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় এই প্রচারনায় অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণপ্রচারণা চলাকালে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেন, এই দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেতে মুখিয়ে আছে। ধানের শীষ মানেই গণতন্ত্র, ধানের শীষ মানেই মানুষের অধিকার।
পটিয়ার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো অপশক্তিই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধুরী, হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুর রহমান, নুরুল আমিন মধু, মো. এয়াকুব আলী, আবু জাফর চৌধুরী, হাজী দ্বীন মোহাম্মদ, আবদুল মাবুদ, নাজিম উদ্দীন, জিয়া উদ্দিন ও ইব্রাহীম মির্জা প্রমুখ। প্রচারণাকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।












