ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে : পাটওয়ারী

চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, চার দফা দাবি যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

ঐক্য চাইলে বিএনপিকে প্রথমে ‘মুচলেকা’ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকারকে বলব–একদিকে ভারত বিরোধিতা করবেন, আরেক দিকে গার্মেন্টস সেক্টর ইন্ডিয়ার কাছে তুলে দিবেন এবং শহীদ ওসমান হাদি ভাইকে যারা খুন করেছিল সেই হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না। আমরা এই ধরনের কুসুম কুসুম পররাষ্ট্রনীতি বাংলাদেশে দেখতে চাই না। আমরা স্পষ্ট বলতে চাই–বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে-‘বাবা ভুল করেছি, মাফ করে দাও, আমি আর এমন কাজ করব না’।

তিনি গতকাল বিকেলে চার দফা দাবি আদায়ে নগরের নিউমার্কেট মোড়ে এনসিপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয়–আমরা আপনার যত অপরাধ আছে সেই খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব। গত আট মাসে বাংলাদেশে যে ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে–ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নিব।

তিনি বলেন, আমরা অনেক ধৈর্য্য ধরেছি। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি, জুলাই হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি, আমরা বলেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। বিএনপি আমাদের কথা না শুনে আওয়ামী লীগের কথা শুনেছে, আওয়ামী লীগের সাথে ব্যবসা–বাণিজ্য করেছে এবং ব্যবসা–বাণিজ্য করতে করতে একটা পর্যায়ে জিয়াউর রহমানের পরিস্থিতির দিকে বাংলাদেশ চলে যাচ্ছে।

পাটওয়ারী বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে সুযোগ দিয়েছিল, সেই সুযোগের বদলে জিয়াউর রহমানকে তারা খুন করেছিল। আমরা তারেক রহমানকে আহ্বান জানাব–আপনার বাপ যে ভুল করেছে, আপনি ওই ভুল করবেন না। ভুল থেকে শিক্ষা নেওয়া হলো ইতিহাসের দায়িত্ব, আর এই দায়িত্বের জন্যই আমরা আপনার কাছে গিয়েছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিমূল হবে বাংলাদেশে ঐক্যের চাবিকাঠি। সংলাপের মূলা ঝুলাবেন না। আমরা রক্তের মধ্য দিয়ে বড় হয়েছি।

‘জুলাই গণঅভ্যুত্থানে যখন স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, এরপরে দ্বিতীয় জুলাইয়ের একটি ডাক দিয়েছিলেন শহীদ ওসমান হাদী। সেই জুলাইয়ের ডাকটি ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ডাকের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে আমাদেরকে ব্যারিকেড করতে হবে। যদি গঙ্গায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য চলবে না। যদি তিস্তায় পানি না আসে, বাংলাদেশে কোনো ভারতীয় কাজ করতে পারবে না।

তিনি আরও বলেন, যে ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেখানে আমরা নয়–ছয় দেখতে পাচ্ছি। গত আট মাসে যারা আমাদেরকে খুন করেছে, বিএনপি তাদেরকে পুনর্বাসন করেছিল, বিএনপি তাদেরকে টাকা খেয়ে থানা থেকে ছেড়ে দিয়েছিল। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমাদের ভাইদের যারা রক্ত দিয়েছে, রক্তের ইতিহাস বাংলাদেশে মুছতে দিব না কোনো সংলাপের কারণে।

পাটওয়ারী বলেন, আলোচনা চলবে, তবে আলোচনার দ্বার আমরা উন্মোচন করেছি যেই ভিত্তিতে, সেই ভিত্তিমূলে যদি আঘাত করা হয়, বিএনপি যদি মনে করে আলোচনার দ্বার উন্মোচন করেছি এখন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে না, গণহত্যার বিচার করতে হবে না–তাহলে প্রিয় তারেক রহমান শুনে রাখুন, এটা আকাশকুসুম কল্পনা। লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে এখনো জীবিত আছে। আপনার মসনদের কাছে গিয়ে জুলাই গণভোটের গণরায় তারা বাস্তবায়ন করেই ছাড়বে।

এই এনসিপি নেতা বলেন, ন্যাড়া একবার বেলতলায় যায়। একবার বেলতলায় গিয়েছেন তারেক রহমান, আপনার শিক্ষা হয়েছে। এই শিক্ষা থেকে সংশোধন হয়ে জুলাই গণভোটের গণরায় বাস্তবায়ন করুন, জুলাই গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করুন এবং ওসমান হাদি ভাইয়ের বাংলাদেশে আপনি বিচার কার্যক্রম করে প্রুফ করেন আপনি শহীদ জিয়ার সন্তান। আমরা সেই অপেক্ষায় রাজপথে নেমেছি।

তিনি বলেন, অনেকেই বলছে তারেক রহমান গর্তে পড়েছে, তাকে গর্তে পড়তে দাও। কিন্তু আমাদেরকে দুইটা জিনিস রক্ষা করতে হবে–গণভোটের গণরায় যেমন বাস্তবায়ন করতে হবে, তেমনি মোদি যেভাবে আমাদের সীমান্তে বাসা বেঁধেছে, এই সীমান্ত থেকে মোদিকেও আমাদের বিদায় করতে হবে। যদি মোদি ও ভারতীয় আধিপত্যবাদ প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশে কোনো দলাদলি নাই, কোনো বিএনপি নাই, কোনো জামায়াত নাই, কোনো এনসিপি নাই–১৮ কোটি জনতাই পুরা বাংলাদেশের একটি দল হয়ে যাবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সালেহ উদ্দিন সিফাত বলেন, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে জাতীয় ঐক্যের ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি যে ডায়াসের সামনে দাঁড়িয়ে ঐক্যের ঘোষণা দেন, সেই ডায়াসের পাশে দাঁড়িয়ে ফজলুর রহমান জুলাই যোদ্ধাদের নিয়ে তীব্রভাবে অপমান করেন, বিরোধিতা করেন ও নিন্দা জানান। সেই ফজলুর রহমান আপনার দলেরই সংসদ সদস্য। তিনি পুলিশ হত্যা নিয়ে গুজব ছড়ান, আর আপনি জাতীয় ঐক্যের ডাক দেন। আপনি নিজের দলের লোকদের ঠিক করেন, শৃঙ্খলিত করেন, নতুবা জাতীয় ঐক্য হবে না।

সমাবেশ থেকে এনসিপির পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

পূর্ববর্তী নিবন্ধছয় দিন লাইফ সাপোর্টে, শেষ পর্যন্ত বাঁচলেন না জান্নাত
পরবর্তী নিবন্ধহঠাৎ কান্না করে উঠে শিশুটি, শরীরে সাপের কামড়ের দাগ, মৃত্যু