চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ–৫ পেল ৮৩ জন, ফেল থেকে পাস ১৯০। ৩৯ হাজার ৭৯৮ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন করে ২ হাজার ৯৭৫ জনের প্রাপ্ত নম্বরে পরিবর্তন হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।
বোর্ড সূত্রে জানা যায়, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৯৭৫ জনের ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ–৫ পেয়েছে ৮৩ জন। আর ফেল থেকে পাস করেছে ১৯০ জন শিক্ষার্থী। তবে খাতায় প্রাপ্ত নম্বরে পরিবর্তন এলেও ১ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর জিপিএ অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া জিপিএ–৫ পাওয়া ১১৫ জন শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হলেও তাদের জিপিএ–৫ অপরিবর্তিত রয়েছে।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এর মধ্যে মূল ফলাফলে পাস করেছিল ৭৭ হাজার ৪৫৩ জন। পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিল ৯ হাজার ৩৯৮ জন।
পুনর্নিরীক্ষণের পর পাসের তালিকায় যুক্ত হয়েছে আরও ১৯০ জন। ফলে বোর্ডে মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৬৪৩ জন। একইভাবে নতুন করে ৮৩ জন জিপিএ–৫ পাওয়ায় মোট জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮১ জন।
এসএসসি পরীক্ষায় এবারও বিভাগভেদে ফলাফলে বড় পার্থক্য ছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ছিল ৮৪ দশমিক ৪১ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৬০ দশমিক ১২ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ছিল মাত্র ৩৮ দশমিক ৭৯ শতাংশ।







