এশিয়ান গেমসে মারিয়া মান্দা নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক প্রতিশ্রুতি দিয়েছেন, সামর্থ্যের সবটা দিয়ে লড়বে তার দল। এবারের এশিয়ান গেমস জাপানের আইচি–নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ অক্টোবরে। নারী ফুটবল ইভেন্ট মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের সাথে ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। উত্তর কোরিয়া এই ইভেন্টে তিনবারের সেরা। দক্ষিণ কোরিয়ার আছে তিনটি ব্রোঞ্জ। এই গ্রুপে পদক নেই কেবল বাংলাদেশ ও মিয়ানমারের। তবে, এই দুই দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে মিয়ানমারের (৫৫তম) চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে, ১০৭তম। গত বছর জুলাইয়ে মিয়ানমারকে ২–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। আর এশিয়ান কাপে গিয়ে গত মার্চে উত্তর কোরিয়ার বিপক্ষে মেয়েরা হেরে যায় ৫–০ গোলে। এই বাস্তবতায় বড় স্বপ্ন দেখার কথা সোমবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বলেননি বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। বরং চীনে গিয়ে সেখানে ১০ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচে দলকে শাণিয়ে নেওয়ার দিকেই তার বেশি মনোযোগ। আসরের জন্য প্রস্তুতি সারতে সোমবার রাতে চীনের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে ৭ ও ১০ সেপ্টেম্বর গুয়াংঝু এফসির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ঋতুপর্ণাদের। চীন থেকে সরাসরি জাপানে যাবে দল। কোচের পাশে বসে দুটি উইমেন’স সাফ জয়ী মিডফিল্ডার মারিয়া বলেন, আত্মবিশ্বাসী ফুটবল খেলতে চান তারা। ‘এশিয়ান গেমস উপলক্ষে আজ আমরা চায়না যাচ্ছি (ক্যাম্প করতে)। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে পারফরম করতে পারি। আমরা এশিয়ান গেমসে যে গ্রুপে পড়েছি, সব দল খুব ভালো। তো আমরা যেন ভালোভাবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আমাদের সর্বোচ্চটা দিতে পারি, সেই উদ্দেশ্য থাকবে আমাদের’। ‘আমাদের দলটিও অত্যন্ত শক্তিশালী এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও খুব ভালো হচ্ছে। সাফে খেলে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমাদের অনেক সাহায্য করবে। কারণ সেখানে আমরা বেশ কিছু ভালো দলের মুখোমুখি হয়েছি। এখন অনুশীলনের উদ্দেশ্যে আমরা চীনে যাচ্ছি, যেখানে দুটি ম্যাচ খেলা হবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা আমাদের জন্য ইতিবাচক হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচের ফলাফল সব সময় খেলার পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই প্রতিপক্ষ শক্তিশালী হোক বা সাধারণ, নিজেদের ওপর আত্মবিশ্বাস বজায় রেখে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
এশিয়ান গেমসে ২৩ জনের বাংলাদেশ দল: রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মমিতা খাতুন, মারিয়া মান্দা, আনিকা রানিয়া সিদ্দিকী, তহুরা খাতুন, সুরভী আক্তার আরফিন, অর্পিতা বিশ্বাস অর্পিতা, ঋতুপর্ণা চাকমা, উন্নতি খাতুন, শাহেদা আক্তার রিপা, সাগরিকা, শামসুন্নাহার জুনিয়র, স্বর্ণা রানী মণ্ডল, মিলি আক্তার, আইরিন খাতুন, নবীরন খাতুন, মুনকি আক্তার ও সুলতানা।












