এশিয়া কাপে ওপেনিংয়ে লিটনের সঙ্গী হতে পারেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ আগস্ট, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

সংবাদের শিরোনাম দেখে যে কারো মনে প্রশ্ন জাগতে পারে এশিয়া কাপে কি তাহলে তামিম খেলছে ? না বিভ্রান্ত হওয়ার কোন সুযোগ নেই। এই তামিম সেই তামিম নয়। অর্থাৎ তামিম ইকবাল নন। তিনি তানজিদ হাসান তামিম। কেবলই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই ওপেনার। তাই আগামী এশিয়া কাপে বাংলাদেশের ইনিংস ওপেন করতে লিটন দাশের সঙ্গী হিসেবে এই তামিমকেই প্রথম পছন্দ মনে করা হচ্ছে। তামিম ইকবালের ইনজুরির কারনে এশিয়া কাপের দুয়ার খুলেছে তানজিদ হাসানের। তিনিও তামিম ইকবালের মত বাঁহাতি ওপেনার। যদিও এখনও আন্তর্জাতিক অভিষেক হয়নি তার। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে ‘ছোট’ তামিমকেই বাংলাদেশের ইনিংস সূচনায় প্রথম পছন্দ মনে করছেন খালেদ মাহমুদ সুজন। মূল এশিয়া কাপের আগে গত মাসে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছেন তানজিদ। চার ম্যাচের তিনটিতেই তার ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। তবে আলাদাভাবে নজর কাড়ে তার ব্যাটিংয়ের ধরন। প্রায় সব ম্যাচেই আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। সেমিফাইনাল থেকে বাদ পড়ার আগে তানজিদ করেন ১৭৯ রান। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে ১১ ইনিংসে করেন ৪৭৪ রান। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটেও স্ট্রোকের দ্যুতি ছড়িয়েছেন ২২ বছর বয়সী ব্যাটসম্যান। ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ জয়ের কারিগরদের একজন তিনি। যুব ওয়ানডেতে অন্তত ১ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট রয়েছে শুধুমাত্র ভারতের শুবমান গিলের। ছোট থেকেই আগ্রাসী ঘরানার ব্যাটিং করা তানজিদ যুব বিশ্বকাপ জয়ের পর কিছুটা আড়ালে পড়ে যান ধারাবাহিকতার অভাবে। তবে হাই পারফরম্যান্স ইউনিটে তাকে রেখে দেয় বিসিবি। চলতি বছর প্রিমিয়ার লিগ ও ইমার্জিং এশিয়া কাপে সামর্থ্যের ছাপ রেখে প্রথমবার জায়গা করে নিলেন জাতীয় দলে। তরুণ এই ব্যাটসম্যানকে বয়সভিত্তিক ক্রিকেট থেকে দেখে আসা খালেদ মাহমুদের আশা, বড়দের ক্রিকেটেও নিজের সহজাত ব্যাটিংই করবেন তানজিদ।

গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন ‘ছোট’ তামিমের মধ্যে ‘বড়’ তামিমের ছায়া দেখেন তিনি। যেকোন দলের ওপেনারদের প্রধান কাজ হচ্ছে একটি ভাল সূচনা এনে দেওয়া। তানজিদ তামিম তেমনই একজন। সিনিয়র তামিম ছোট বেলাতে যেমন ব্যাটিং করতেন জুনিয়র তামিম একই রকম ব্যাটিং করে। তানজিদ তামিমের এটাই স্টাইল। ও যদি এটা ধরে রাখে ধারাটা যদি খুব একটা না বদলায় তাহলে সে ভাল করবে। তবে তার উপর যেন বাইরে থেকে চাপ সৃষ্টি করা না হয়। এশিয়া কাপের দলে ওপেনার হিসেবে তানজিদ ছাড়াও আছেন লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ। স্বাভাবিকভাবেই দলের প্রথম পছন্দ লিটন। তার সঙ্গী কে হবেন সেটি নিয়েই এখন কৌতূহল ও আলোচনার বিষয়। আর সে আলোচনা থেমে যেতে পারে তানজিদ হাসান তামিম লিটনের সাথে ইনিংস শুরু করতে নামলে।

পূর্ববর্তী নিবন্ধএএফসি কাপে আজ আবাহনীর বাঁচা-মরার লড়াই
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে হোটেলে বিস্ফোরণে নিহত ৩, আহত ৭