এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল, ছবি হাতিয়ে নিল ইরানঘনিষ্ঠ হ্যাকাররা

| রবিবার , ২৯ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ইরানঘনিষ্ঠ একটি হ্যাকার দল বলেছে, তারা মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে সফলভাবে ঢুকতে পেরেছে এবং মার্কিন এ কর্মকর্তার অনেক ছবি ও নথি অনলাইনে ছেড়ে দিয়েছে। খবর বিডিনিউজের।

সফল হ্যাকিংয়ের শিকার ব্যক্তিদের তালিকায় এখন নিজের নাম খুঁজে পাবেন প্যাটেল, শুক্রবার হান্দালা হ্যাক টিম এমনটাই বলেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিষয়টি সম্বন্ধে অবগত ব্যক্তি ও অনামা নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনও এই হ্যাকের খবর নিশ্চিত করেছে। পরে এফবিআইয়ের মুখপাত্র বেন উইলিয়ামসও পরিচালকের ইমেইল হ্যাক হওয়ার কথা জানিয়ে বলেন, ঝুঁকি এড়াতে তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছেন। ফাঁস হওয়া তথ্যউপাত্ত মূলত অতীতের এবং সেখানে সরকার সংশ্লিষ্ট কিছু নেই, বলেছেন তিনি।

নিজেদেরকে ফিলিস্তিনপন্থি নজরদারি গোষ্ঠী দাবি করা হান্দালা অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিনের মধ্যপ্রাচ্যভিত্তিক কয়েক ডজন কর্মীর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ারও দাবি করছে। হ্যাকার গোষ্ঠীটি কাশ প্যাটেলের যেসব ইমেইল ও ছবি অনলাইনে ছেড়েছে সেগুলো বেশ পুরনো বলেই মনে হচ্ছে। কিছু ইমেইলে প্যাটেলের ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগের তথ্য দেখা যাচ্ছে। মুখে সিগার নিয়ে পোজ, মদের বোতলসহ আয়নার সামনে দাঁড়িয়ে থাকাসহ এফবিআই পরিচালকের আগের অনেক ছবিও প্রকাশ করেছে তারা। ২০২৫ সালে দায়িত্ব পাওয়া প্যাটেল এফবিআইয়ের নবম পরিচালক।

ব্যক্তিগত ভ্রমণ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়নে তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাটিকে ব্যবহার করছেন বলেও সমালোচকদের অভিযোগ রয়েছে। হান্দালার সঙ্গে ইরানের সাইবার গোয়েন্দা সংস্থার সংযোগ আছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা।

পূর্ববর্তী নিবন্ধন্যাটোর পাশে আমাদের আর থাকার প্রয়োজন নেই : ট্রাম্প
পরবর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভের প্রস্তুতি, ৫০ অঙ্গরাজ্যে হাজারো সমাবেশ