সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাওয়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক থেকে একে একে প্রশাসক তুলে নেওয়ার সিদ্ধান্ত এক্সিম ব্যাংক দিয়ে শুরু হল। গতকাল বৃহস্পতিবার এক্সিম ব্যাংক থেকে প্রশাসক ও তার দল তুলে নিতে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের দিন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্তের আলোকে এই চিঠি পাঠানো হয়। এর আগে গত ২০ জুলাই নীতিগত সিদ্ধান্ত হয়, একীভূত হওয়া শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পুরো দায়িত্ব চলে যাবে অন্তর্বর্তী সরকারের সময়ে গঠন করা সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নিয়ন্ত্রণে। খবর বিডিনিউজের।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী আগস্টের মধ্যে বাকি চার ব্যাংক থেকেও প্রশাসক তুলে নেওয়ার পরিকল্পনা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। গত ২০ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্যদের সঙ্গে সভা করেন গভর্নর মোস্তাকুর রহমান। তার আগের দিন ৫ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে সভা করেন তিনি। গভর্নরের সঙ্গে পরিচালক পর্ষদের সেই বৈঠকে যোগ দিয়েছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম ব্যবস্থাাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। প্রশাসক তুলে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে আলাদা বৈঠক করবে।












