একটু আমাদের ঘরে যাও, প্রতিবেশীকে এ কথা বলেই পালালেন মাঈনুদ্দীন

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:২০ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির প্রয়াত নেতা সামশুল আলম মাস্টারের বড় ছেলে মাঈনুদ্দীন মোহাম্মদ মঈনু। গতকাল দুপুরে পটিয়ায় মাকে গুলি করে খুন করে চলে যাওয়ার সময় ঘর থেকে ৫শ গজ দূরে রাস্তায় প্রতিবেশীদের দেখে বলেন, একটু আমাদের ঘরে যাও। এ অনুরোধ জানিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। প্রতিবেশী মো. আরিফ জানান, আমরা কয়েকজন এলাকাবাসী রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম। এ সময় মাঈনুদ্দীন এসে বলেন, একটু আমাদের ঘরে যাও। এ কথা বলে তিনি দ্রুত চলে যান। আমরা কৌতূহলবশত ঘরে গিয়ে দেখি এ ঘটনা।
সামশুল আলম মাস্টারের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে মাঈনুদ্দীন মোহাম্মদ মঈনু দেশে থাকেন। দ্বিতীয় ছেলে মাশফীকুর আলম মাশফী, বোন শায়লা শারমিন ও স্ত্রী জেসমিন আকতার অস্ট্রেলিয়া প্রবাসী। পিতার নির্বাচন ও মৃত্যু নিয়ে তারা বেশ কিছুদিন ধরে দেশে অবস্থান করছেন। দেশে আসাটাই যেন মা জেসমিন আকতারের জন্য কাল হলো।
স্থানীয়রা জানান, মাঈনুদ্দীন উগ্র মেজাজের। তিনি নিয়মিত মাদক সেবন করেন। পুলিশও তার মাদক সেবনের কথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, মাঈনুদ্দীন কয়েক বছর আগে নগরীতে থাকলেও ইদানীং পটিয়ায় তার আসা-যাওয়া বেড়ে গেছে। এর ফলে এলাকায় কিশোর গ্যাং লিডার, মাদক ব্যবসা ও সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। কেউ তার ভয়ে প্রতিবাদ করার সাহস পেতেন না।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহনে ডিজি শিপিংয়ের সার্কুলার বেআইনি
পরবর্তী নিবন্ধমাকে গুলি করে হত্যা