বোয়ালখালীতে এক মায়ের বিরুদ্ধে ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করার অভিযোগ উঠেছে। শিশুটির দাদির লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি টেক্সির চালক মো. রাকিবের সঙ্গে একই এলাকার রোকনা বেগমের বিয়ে হয়। ২০ জুন তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। অভিযোগ রয়েছে, জন্মের এক মাসের মাথায় শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করা হয়। এর আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির দাদি ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পুত্রবধূ রোকনা বেগম কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় শিশুটিকে গোপনে অন্যত্র সরিয়ে নেয়। পরে পরিবারের সদস্যদের শিশুটির মৃত্যুর খবর জানিয়ে দাফন সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। খোঁজ নিতে গেলে অভিযুক্তরা গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড়দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।












