ঋণের ৭০ হাজার টাকাসহ বসতঘর পুড়ে ছাই

কান্নায় ভেঙে পড়লো টমটম চালক

কর্ণফুলী প্রতিনিধি | শুক্রবার , ২৭ মার্চ, ২০২৬ at ১০:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীর জুলধা ডাঙারচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঋণ করে আনা ৭০ হাজার টাকাসহ তিন ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকায় এস এম গ্রুপের পাশে সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় টমটম চালক মো. কামাল একটি নতুন টমটম গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পাশাপাশি আগে থেকে জমানো আরও ৩০ হাজার টাকাসহ মোট এক লাখ টাকা ঘরে রেখেছিলেন। কিন্তু হঠাৎ অগ্নিকাণ্ডে সেই টাকাসহ ঘরের সব মালামাল পুড়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘর থেকে পুড়ে যাওয়া টাকার কিছু অংশ সংগ্রহ করতে দেখা যায় কামালকে। সামনে ছাই হয়ে যাওয়া টাকা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

ভুক্তভোগী কামাল জানান, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট বা ত্রুটিপূর্ণ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাদের তিন ভাই—কামাল, জামাল ও আবদুল শুক্কুরের টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

তিনি আরও বলেন, আগুনে শুধু টাকা নয়, ঘরের সব আসবাবপত্রও পুড়ে গেছে। এতে অন্তত ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫ দোকান
পরবর্তী নিবন্ধরাউজানে র‍্যাব দেখে অস্ত্র ফেলে পালাল সন্ত্রাসীরা