সবুজ, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রত্যয়ে চট্টগ্রামের উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ২০ হাজার গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্য নির্ধারণ করেছেন আয়োজকেরা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান চৌধুরী বলেছেন, আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেককে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও দায়িত্বশীল হতে হবে।
রোববার (১৮ অক্টোবর) পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
হাবিবুর রহমান চৌধুরী বলেন, গত দুই বছর ধরে উত্তর পাহাড়তলী ওয়ার্ডে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে পুরো ওয়ার্ডকে সবুজায়নের আওতায় আনার পাশাপাশি পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা কেবল বর্তমান সময়ের দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। একটি গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোহাম্মদ হানিফ, মো. জানে আলম, মো. নূর বক্স মিলন, মো. জামাল উদ্দিন, আবু আহমেদ, রিপন খান, ফজলুল হক, মাস্টার সাইফুল ইসলাম, মফিজুর রহমান, মোশারফ হোসেন, আবু সুফিয়ান, যুবদল নেতা আজিজ চৌধুরী, খালেদ সাইফুল্লাহ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান রাজু, ফয়সাল খান, নেজাম উদ্দিন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ আলী আকবর, মো. সুমন, মো. রুবেল, মো. নুরুল ইসলাম, মো. মহিউদ্দিন, মোহাম্মদ সেকান্দার, মোহাম্মদ সাদ্দাম এবং ছাত্রদল নেতা মিনাজ উদ্দিন রাব্বিসহ অনেকে।
আয়োজকেরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু-সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। তাঁদের মতে, পরিকল্পিত বৃক্ষরোপণ ও গাছের যথাযথ পরিচর্যা উত্তর পাহাড়তলীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সহায়ক হবে।












