মিয়ানমার থেকে প্রবেশকালে কক্সবাজারের উখিয়ায় থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর সীমান্ত সড়ক সংলগ্ন এলাকায় রোববার সকাল ৬টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও উখিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে চলাকালীন সন্দেহজনক একটি সিএনজিচালিত টেক্সিকে থামার সংকেত প্রদান করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা টেক্সি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে, টেক্সিতে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ লাখ ১৯ হাজার শলাকা ওরিস ও ৪০ হাজার শলাকা প্যাট্রন ব্র্যান্ডের বিদেশি সিগারেটসহ পরিবহন কাজে ব্যবহৃত টেক্সিটি জব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।









