ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্সের জয়লাভ

সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

সিসিএস ট্যালেন্ট কাপ টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ইয়ং স্টার ক্লাব ৪৭ রানে আবেদীন ক্লাবকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ইয়ং স্টার ক্লাব। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা ১৩৬ রান সংগ্রহ করে। দলের ওপেনার ইফতেখার মাহিম ৬২ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন ৬টি চার এবং ১টি ছক্কায়। অন্যদের মধ্যে বোরহান উদ্দিন ১৪ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ৩৬ রান। আবেদীন ক্লাবের সরফরাজ তানভী ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে আবেদীন ক্লাব ৯ উইকেট হারিয়ে ৮৯ রান তুলতে সমর্থ হয়। দলের মাহেদি হাসান ২৭, সুহাদ ২৪ এবং লাবিব ১৩ রান করেন। ইয়ং স্টার ক্লাবের মারওয়ান মারুফ ৪ ওভার বল করে ৮ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। ২টি উইকেট পান রিয়াদ সর্দার।

প্লেয়ার অব দ্যা ম্যাচ হন ইয়ং স্টার ক্লাবের মো. মারুফ মারওয়ান। তার হাতে পুরস্কার তুলে দেন ইয়ং স্টারের টিম ম্যানেজার ত্রিদীপ তালুকদার ছোটন ও আবেদীন ক্লাবের কোচ আমজাদ হোসেন উজ্জল। দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে নোয়াপাড়া লায়ন্স ক্লাব ২৪ রানে সেবা নিকেতন ক্লাবকে পরাজিত করে। টসে জিতে নোয়াপাড়া লায়ন্স প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে তারা ১৪৩ রান করে। দলের রাহুল দাশ ৩৫ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ৫টি চার এবং ১টি চারের সাহায্যে। এছাড়া ওপেনার জাহেদুল ইসলাম ৩৭ বলে ৩৯ এবং ফারহান ইশরাক ২২ বলে অপরাজিত ২৮ রান করেন।

অতিরিক্ত থেকে আসে ১৩ রান। সেবা নিকেতন ক্লাবের পক্ষে সাদ্দাম হোসেন ৩টি এবং নাইম উদ্দিন ২টি উইকেট লাভ করেন। জবাবে নোয়াপাড়া লায়ন্সের জাহাঙ্গীর আলমের হ্যাট্রিকে সেবা নিকেতন ক্লাব ১৮.৩ ওভার খেলে ১১৯ রান করে অলআউট হয়ে যায়। তিনি আশরাফ নাবিল, নাইম উদ্দিন এবং সাদ্দাম হোসেনকে পরপর আউট করে দেন। সেবা নিকেতনের ওপেনার আশরাফ নাবিল ২৯,আরিফ রহমান ১৯,হায়দার আলী ১৯ এবং সাইফুল ইসলাম ১৮ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। জাহাঙ্গীর ছাড়া নোয়াপাড়া লায়ন্সের পক্ষে ৩টি উইকেট নেন শাহীন আলম। এছাড়া ২টি উইকেট পান তানভীর রহমান। প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নোয়াপাড়া লায়ন্স ক্লাবের জাহাঙ্গীর আলম জুবায়ের। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ ইউনুচ চৌধুরী ও ইকরামুল হক।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বার ফাইনালে উঠার লক্ষ্যে আজ মুখোমুখি দু’দল
পরবর্তী নিবন্ধবিসিএল চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন